পশ্চিমবঙ্গের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। তদন্তের অংশ হিসেবে তল্লাশি পরোয়ানা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে অভিযান চালিয়েছে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সিআইডির একটি দল কালীঘাট থানার পুলিশ ও বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছায়। একই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তল্লাশি কার্যক্রম শুরু হয়।
কয়েকদিন আগে জারি করা একটি নোটিশের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেয় তদন্তকারী সংস্থা। নোটিশে বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত একটি প্রস্তাবে তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছিল।
সিআইডির এক কর্মকর্তা জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাবে উল্লেখ করেন যে সংশ্লিষ্ট বিধায়কদের স্বাক্ষর দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তের স্বার্থে একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
বর্তমানে তিনটি পৃথক সিআইডি দল অভিযান পরিচালনা করছে। একটি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, দ্বিতীয় দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এবং তৃতীয় দল তার বাসভবনে তল্লাশি চালাচ্ছে।
ঘটনার সূত্রপাত বিরোধী দলনেতা হিসেবে জ্যেষ্ঠ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার দাবিতে স্পিকারের কাছে জমা দেওয়া একটি প্রস্তাবকে ঘিরে। অভিযোগ ওঠে, ওই প্রস্তাবে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে।
তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহা স্পিকারের কাছে লিখিত অভিযোগ করে দাবি করেন, প্রস্তাবটি ‘মনগড়া ও জালিয়াতির মাধ্যমে তৈরি’। তাদের অভিযোগ, জমা দেওয়া ৭০টি স্বাক্ষরের মধ্যে অন্তত ১৪টি ব্লক লেটারে লেখা ছিল, যা স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হলে সিআইডি তদন্ত শুরু করে। পরবর্তীতে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওই দুই বিধায়ককে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।
রাজ্যের শাসকদলকে ঘিরে এই বিতর্ক ইতোমধ্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্তের পরবর্তী অগ্রগতি ও সিআইডির অনুসন্ধান এখন রাজনৈতিক মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।



