tanaka
প্রচ্ছদসারাদেশস্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করছেন: সারজিস

স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করছেন: সারজিস

প্রথম নিউজ২৪: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করতে গিয়ে নিজের মন্ত্রণালয়ের দায়িত্বে পর্যাপ্ত নজর দিতে পারছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেন তাঁর মন্ত্রণালয়ের দিকে একটু নজর দেন। তিনি বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটি করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তিনি যথাযথ নজর দিতে পারছেন না। আমরা তাঁকে আহ্বান জানাব, তিনি যেন নিজের মন্ত্রণালয়ের দায়িত্বে মনোযোগ দেন।’

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার হাওয়া-বাতাস দুটি জায়গায় দেখা যাচ্ছে—একটি সামাজিক যোগাযোগমাধ্যমে, অন্যটি হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি ফিরতে পারবে না।’

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট খাতগুলোর দায়িত্বে থাকা প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে সমস্যার সমাধান হবে না। এ দায় প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনোভাবেই এড়াতে পারেন না।

সারজিস আলম বলেন, ‘প্রধানমন্ত্রী যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে তাঁর মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না, তাহলে অবশ্যই তাঁকে অপসারণ করতে হবে। তা না করে তাঁকে পদে রেখে ব্যর্থতার নাটক দেখতে থাকলে সেই ব্যর্থতার দায়ভারও প্রধানমন্ত্রী এড়াতে পারবেন না।’

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্য নেতারা।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ, শিক্ষক-শিক্ষার্থী এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সাম্প্রতিক ভুল বোঝাবুঝির অবসান নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গান-বাজনা বন্ধ করতে যাননি। সামনে পরীক্ষা থাকায় তাঁরা কেবল উচ্চ শব্দে গান বাজানো কমানোর অনুরোধ করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের ওপর হামলা ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পরবর্তী সময়ে পুলিশ দুঃখ প্রকাশ করলেও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়নি। অথচ গণমাধ্যমে প্রচার করা হয়েছে, শিক্ষার্থীরা গান-বাজনা বন্ধ করতে গিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘এটি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন আচরণ। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি এবং ঘটনার সুষ্ঠু বিচারও করেননি।’