tanaka
প্রচ্ছদসারাদেশস্ত্রীর আবদার মেটানোর পর যুবকের আত্মহত্যা

স্ত্রীর আবদার মেটানোর পর যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার ভোররাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর জন্য মোবাইল ফোন কেনা নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পরিবারের মনোমালিন্য চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি।

মঙ্গলবার রাতে স্ত্রীকে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে তিনি আত্মহত্যা করেন। পরে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।