tanaka
প্রচ্ছদসারাদেশমুখোমুখি সংঘর্ষে উল্টে গেল ট্রাক, পুকুরে বাস; আহত ২০

মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল ট্রাক, পুকুরে বাস; আহত ২০

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকে থাকা আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। মুখোমুখি ধাক্কায় বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। বাসটির কিছু অংশ পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় বাসের যাত্রী, চালক ও হেলপারসহ বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে সংঘর্ষের পর সারবোঝাই ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের ওপর ট্রাকটি উল্টে থাকায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারের কাজ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।