tanaka

ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করে লিখবে চ্যাটজিপিটি, পড়তে পারবে ই-মেইল ও বার্তাও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখালেখি এখন দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন শব্দচয়ন, বাক্যগঠন ও লেখার ভঙ্গি দেখা...
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির মধ্যে সৌদি আরব ভ্রমণের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলার ঝুঁকি রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতা প্রকাশ করা হয়। এতে সৌদি আরবে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশত্যাগসংক্রান্ত বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে স্থানীয় আইন মেনে চলার বিষয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরবের কিছু এলাকায় নিরাপত্তাঝুঁকি তুলনামূলক বেশি। এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুথিরা। গত কয়েক দিনে হামলার ঘটনা বেড়ে যাওয়ার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি পবিত্র মক্কা নগরীর দক্ষিণাঞ্চলে হুথিদের একটি ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। এ ঘটনার পর পবিত্র মক্কা ও মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি ঘটনাটিকে গুরুতর হামলা হিসেবে উল্লেখ করে হুথিদের দায়ী করেছে। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে চলমান হামলারও নিন্দা জানিয়েছে ৫৭ সদস্যের এই জোট।

অন্যদিকে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কয়েকটি এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহন হয়ে থাকে। হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানিতে বাধা তৈরি হওয়ার পর লোহিত সাগরপথে তেল পরিবহন নিয়েও নতুন করে চাপ তৈরি হয়েছে।

প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রেও মার্কিন নাগরিকদের জন্য কঠোর ভ্রমণ সতর্কতা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির ভ্রমণ নির্দেশনা এখনো ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ পর্যায়ে রয়েছে। চলমান সংঘাত ও নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা