শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একই ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধে দুই আইনে পৃথকভাবে বিচার করার সুযোগ নেই। এ কারণেই তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে সেনা আইন অনুযায়ী বিচারের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। একই মামলায় আগে যাদের বিচার হয়েছে এবং যাদের দণ্ড কার্যকর করা হয়েছে, সেই রায়ের আলোকে মোজাফফর হোসেনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে জেনারেল কোর্ট মার্শাল।
মোজাফফরের সহযোগীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত বা ফৌজদারি মামলা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। যেহেতু তিনি একই মামলার পলাতক আসামি ছিলেন, তাই সেনাবাহিনী তাদের নিজস্ব বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরবর্তীতে সিভিল কোর্টে কোনো আইনি বিষয় প্রযোজ্য হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



