‘দৃশ্যম’ সিনেমার গল্পে ২ অক্টোবর শুধু একটি তারিখ নয়, কাহিনির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই বিশেষ তারিখকে ঘিরেই তৈরি হয়েছে সিনেমার রহস্য ও উত্তেজনা। এবার ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তির মুক্তির তারিখও রাখা হয়েছে ২ অক্টোবর।
মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে অজয় দেবগণের ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দুই কিস্তিই বক্স অফিসে সাফল্য পাওয়ার পর এবার আসছে সিরিজের তৃতীয় অধ্যায়—‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সিনেমাটির মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্রকাশ করা হয়েছে সিনেমার নাম ও নতুন পোস্টার।
সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত পোস্টারে দেখা গেছে শুধু অজয় দেবগণের একটি চোখ। রহস্যময় সেই চোখ যেন সিনেমার গল্পে লুকিয়ে থাকা নতুন প্রশ্ন ও সম্ভাব্য মোড়ের ইঙ্গিত দিচ্ছে।
পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’ পোস্টারে আরও লেখা রয়েছে, ‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’ ফলে ধারণা করা হচ্ছে, আগের দুই কিস্তির মতো এবারও পরিবারের সুরক্ষাই বিজয় সালগাঁওকারের প্রধান লক্ষ্য হয়ে থাকবে।
এর আগে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। সেখানে বছরের পর বছর ধরে মানুষ তাঁকে যেসব পরিচয় ও মন্তব্য দিয়েছে, সেসবের কথা উঠে আসে। তবে বিজয়ের কাছে সবকিছুর ঊর্ধ্বে তাঁর পরিবারই সত্য—এমন বার্তাই টিজারে স্পষ্ট করা হয়েছিল।
অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরও অনেকে।
দুই সফল কিস্তির পর তৃতীয় পর্বে বিজয় সালগাঁওকারের গল্প কোন নতুন মোড় নেয়, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে। রহস্যের সেই ২ অক্টোবর এবারও ‘দৃশ্যম’ ভক্তদের জন্য কতটা চমক নিয়ে আসে, সেটিই দেখার অপেক্ষা।



