tanaka
প্রচ্ছদজাতীয়সেই ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, গ্রেফতারে সরকারের নির্দেশের অপেক্ষা

সেই ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, গ্রেফতারে সরকারের নির্দেশের অপেক্ষা

গুম ও নির্যাতন মামলায় পরোয়ানা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা এখনও গ্রেফতার হননি। আদালত গত ৮ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা এখনো সেনা হেফাজতেই রয়েছেন। পুলিশ প্রশাসন বলছে, গ্রেফতারের সিদ্ধান্ত সরকারের নির্দেশের ওপর নির্ভর করছে।

প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, আইন অনুযায়ী পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তবে বিষয়টি ‘সংবেদনশীল’ হওয়ায় সরকারের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রেফতার কার্যকর হলে অভিযুক্তদের সেখানেই রাখা হতে পারে বলে জানায় পুলিশ সদর দপ্তরের একটি সূত্র। কারাগারটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী যুগান্তরকে বলেন, “বিষয়টি অনেকটাই সেনাবাহিনীর ওপর নির্ভর করছে। কোর্টের আদেশ এখনো হাতে পাইনি। সেনাবাহিনী থেকে নির্দেশনা পেলে আমরা সহযোগিতা করব।”

এদিকে, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন অভিযুক্তদের সেনা আইনে বিচার দাবি করেছে। সংগঠনটি মনে করে, গুম ও নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে সেনা আইন সংশোধন করা উচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব খলিল আহমেদ বলেন, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অনেক তথ্য জানা থাকলেও দায়িত্বগত সীমাবদ্ধতার কারণে কিছু বলতে পারছি না।”

অন্যদিকে, কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, সাময়িক কারাগার পরিচালনার দায়িত্ব ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওপর থাকবে, তবে এখনো বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়নি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন ‘গুজব নয়, দেশপ্রেমে ঐক্য’ শিরোনামে সংবাদ সম্মেলন করে বলেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আইন সংস্কার প্রয়োজন। সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ লিখিত বক্তব্যে বলেন, “আমরা অপরাধীদের বিচারের পক্ষে। তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে—যেখানে কোনো বাধা থাকবে না।”

তিনি উল্লেখ করেন, আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো ও তুরস্কে সেনা আইনের সংস্কার করে স্বৈরশাসকদের বিচার করা হয়েছে। প্রয়োজনে বাংলাদেশেও সে ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

সাইফুল্লাহ খান আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ‘ম্যানুয়াল অব ব্যাঞ্জিন মিলিটারি ল’ (এমবিএমএল) সংশোধনের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত। অন্যথায়, এই বিচারের স্থায়িত্ব বা দীর্ঘমেয়াদে তা টিকে থাকার সম্ভাবনা দুর্বল হয়ে পড়বে।”

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’ কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করেছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে বাংলাদেশ সেনাবাহিনী হেফাজতে নেয়। ১১ অক্টোবর শনিবার সাংবাদিকদের কাছে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এরপর আদালত যেখানে রাখার নির্দেশ দেবেন, সেখানেই আসামিকে রাখা হবে।”