বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সৃজনশীল অর্থনীতির প্রসারের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে আরও গণতান্ত্রিক করতে চায়। এ লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দিচ্ছে। এ খাতের সম্প্রসারণ হলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



