tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদজাতীয়সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং চার সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

দুপুর ১২টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই। তবে এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বাতাসের গতি তুলনামূলক বেশি থাকতে পারে। তবে রোববার দুপুর পর্যন্ত দেশের কোথাও ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়নি। বরিশাল অঞ্চলে কিছু মেঘ ও বৃষ্টি রয়েছে, আর যশোর ও কক্সবাজারে হালকা বৃষ্টির তথ্য পাওয়া গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চার সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্নচাপ কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে এবং সেখানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।