tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, একাধিক আহত

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, একাধিক আহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাব সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে র‍্যাব-৭ এর ডিএডি মো. মোতালেব গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় র‍্যাব-৭ এর একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হন এবং তাদের একজন নিহত হন।

সোমবার রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে।

জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশক ধরে পাহাড় কেটে হাজার হাজার অবৈধ বসতবাড়ি গড়ে তোলা হয়েছে। সরকারি খাস পাহাড়ি জমি দখল ও অবৈধ প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে একটি শক্তিশালী ও সশস্ত্র সন্ত্রাসী চক্র গড়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ প্রায় নিষিদ্ধ। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে সহজে প্রবেশ করতে পারেন না। অতীতেও একাধিক অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীকে সংঘবদ্ধ ও সশস্ত্র হামলার মুখে পড়তে হয়েছে।

পুলিশ জানায়, এই অপরাধচক্রের নেপথ্যে দুটি শক্তিশালী সংগঠন সক্রিয় রয়েছে। এর একটি হলো ‘আলীনগর বহুমুখী সমিতি’, যার নেতৃত্বে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মিয়া। অপরটি ‘মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ’, যা নিয়ন্ত্রণ করছেন কাজী মশিউর ও গাজী সাদেক।

পুলিশের দাবি, বর্তমানে এই দুই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৩০ হাজার। দখলকৃত পাহাড়ি জমিতে অবৈধ বসতি স্থাপন, প্লট বাণিজ্য এবং স্থাপনা রক্ষায় তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।