বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গঠনে সংস্কারের পাশাপাশি মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক রাজনীতি করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং কিংবা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে নয় দলটি। আগামীর রাজনীতি হবে মানুষের জীবনমান উন্নয়নকে কেন্দ্র করে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত শিশু আফিয়ার জন্য প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে আরও শক্তিশালী করা হবে। ভবিষ্যতে পুনরায় খাল কাটা কর্মসূচি চালু করে পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। মানুষ যেন ঘরে বসেই মৌলিক চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন অবহেলিত মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপার্সনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সন্তুষ্টি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও।



