সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। গত ৫ দিনে নতুন করে ৩৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। ভর্তি রোগীদের মধ্যে ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা বর্তমানে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা: নুরে আলম শামীম। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন। এর মধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ছয়জন, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে সাতজন, মৌলভীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ডকে হাম আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিশু রোগীদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ওষুধ ও সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে চুনারুঘাট, বাহুবল, মাধবপুর এবং ছাতক উপজেলার বাসিন্দাদের সংখ্যা বেশি। হাসপাতালের এক আবাসিক মেডিক্যাল কর্মকর্তা জানিয়েছেন, হামের নমুনা পরীক্ষা সিলেটে না থাকায় রোগ নির্ণয়ের জন্য ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হচ্ছে, যেখানে দেশে হামের পরীক্ষার প্রধান ল্যাব রয়েছে।
একটি আন্তর্জাতিক দাতা সংস্থা জানিয়েছে, চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। ১০ জানুয়ারি সেখানে সতর্কতা জারি করা হয়, এবং একই সময়ে রাজধানীর বস্তি এলাকাতেও সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় হাম রোগ পুনরায় বাড়ছে। সাধারণত শিশুদের নয় মাসে প্রথম এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে গত কয়েক বছরে জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন হয়নি। সর্বশেষ জাতীয় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ২০২০ সালে, যেখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়। আগামী জুনে নতুন জাতীয় ক্যাম্পেইন শুরু হবে, এবার ছয় মাসের শিশুরাও টিকার আওতায় আনা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, “সিলেটে হাম শনাক্ত হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে। মহানগরীতে তিনজন শিশু শনাক্ত হয়েছে; দুইজনের বয়স দুই মাস এবং একজনের ১৪ মাস। এর মধ্যে একটি শিশুর ট্রাভেল হিস্ট্রি রয়েছে ছাতক উপজেলায়। নগর এলাকায় স্থানীয়ভাবে হাম সংক্রমণের কোনো তথ্য নেই।”
তিনি আরও বলেন, “নবজাতকের নয় মাসের মধ্যে হামের দুটি টিকা দেওয়া হয়। গত বছরের শেষ দিকে টিকার সংকটের কারণে কেউ কেউ টিকা পায়নি। এছাড়া আমরা প্রতি পাঁচ বছর অন্তর সকল শিশুর জন্য হামের টিকার ক্যাম্পেইন করি, কিন্তু ২০২০ সালের পর এটি বন্ধ রয়েছে। ফলে বর্তমানে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে।”



