রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সিটিজেন প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন এবং বিজয় ফাউন্ডেশন। দেশের উন্নয়ন, মানবকল্যাণ ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এ বছর সামাজিক কল্যাণ, ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা, মিডিয়া ইনফ্লুয়েন্সার ও শিক্ষা—এই ছয়টি বিভাগে সারা দেশ থেকে মোট ৩৫৬ জন আবেদন করেন। পরবর্তীতে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব এবং মানবকল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫ জনকে সম্মাননার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শীর্ষ কর্মকর্তা, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস হাসান কায়সান, উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরিধিন, নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তনিমা বিনতে আশরাফ এনা, ব্লুজওয়াল্ড লিমিটেডের অপারেশন ম্যানেজার ওয়াহিদ উজ জামান তুর্জ, ব্যঞ্জনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতিন ইসরাক রহমান এবং দৈনিক কালবেলার জেনারেল ম্যানেজার রিয়াজ শাহী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন, আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং গিভ এ হ্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলভী রায়হান সিমান্তসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশনস। প্রতিষ্ঠানটি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় এনে মানসম্মত আয়োজনের মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি ও পেশাদারিত্ব উন্নয়নে কাজ করে যাচ্ছে। করপোরেট, সামাজিক, প্রচারণামূলক এবং ব্যক্তিগত বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনেও প্রতিষ্ঠানটির রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
আয়োজকদের মতে, একটি কার্যকর প্ল্যাটফর্ম মানুষের দক্ষতা বিকাশ, আয় ও ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি নেটওয়ার্কিং, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সিটিজেন প্ল্যাটফর্ম, বিজয় ফাউন্ডেশন ও উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৌশলগত অংশীদার হিসেবে ছিল ব্যঞ্জন। টিকেটিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে ‘টিকেট কিনুন’ এবং মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা ও বাংলা মিরর।



