আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে অবস্থান করছে। এটির আরও দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।



