tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসানা ও ইয়েমেনের তিন প্রদেশে সৌদির বিমান হামলার দাবি হুতিদের

সানা ও ইয়েমেনের তিন প্রদেশে সৌদির বিমান হামলার দাবি হুতিদের

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও তিন প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের দাবি, সৌদি যুদ্ধবিমান সানা ছাড়াও ইয়েমেনের সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে হামলায় কী ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সংগঠনটি।

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের অবস্থান ও সমাবেশস্থল লক্ষ্য করে মোট ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলির ভাষ্য, এসব হামলায় হুতিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্য করা হয়।

তিনি দাবি করেন, হামলায় হুতিদের বেশ কয়েকটি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এ ছাড়া কয়েকজন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে সামরিক বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও জাজানের দিকে হুতিদের ছোড়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

আল-মালিকি আরও দাবি করেন, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করেও একটি হুতি ড্রোন হামলা চালানো হয়। সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, ওই বিদ্যুৎকেন্দ্র থেকেই মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

জোটের দাবি, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুতিরা। সংগঠনটির দাবি, সৌদি আরব তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।

ইয়েমেন সংঘাতকে ঘিরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা ও দাবির বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি