চলতি বছরের মে থেকে জুলাই—এই তিন মাসে সারা দেশে ৯৩৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ, এ সময়ে প্রতি মাসে গড়ে ৩১১টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ১০ জনের মতো মানুষ হত্যার শিকার হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রংপুরে একটি বাসায় শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে শুধু এই একটি ঘটনাকে ঘিরেই নয়, গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চুরি-ডাকাতির ঘটনা আগের তুলনায় কিছুটা কমলেও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, প্রতি মাসে কমবেশি ৩০০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। গড়ে প্রতিদিন ১০টি করে খুন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে হত্যাকাণ্ডের ঘটনায় মোট ২ হাজার ৭৬টি মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ এবং জুলাইয়ে ২৯৮টি মামলা হয়েছে।
পুলিশ বলছে, সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে মব সহিংসতায় ১৩৪ জন নিহত হয়েছেন। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৭৭ জন।
অপরাধ বিশ্লেষকদের মতে, ক্ষমতার আধিপত্য বিস্তার, রাজনৈতিক সংঘাত, মাদক, পারিবারিক বিরোধসহ নানা কারণে দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পাশাপাশি বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার নানা সীমাবদ্ধতার কারণেও অপরাধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
সাত মাসে হত্যার মামলা ২ হাজার ৭৬টি
প্রতি মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলার তথ্য সংগ্রহ করে মাসিক প্রতিবেদন তৈরি করে পুলিশ সদর দপ্তর।
সেই পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে হত্যাকাণ্ডের ঘটনায় মোট ২ হাজার ৭৬টি মামলা হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ এবং জুলাইয়ে ২৯৮টি মামলা হয়েছে।
আগস্ট মাস শেষ না হওয়ায় এখনো ওই মাসের পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে যুক্ত হয়নি।
অপরাধ বিশ্লেষকদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
বিবিসি বাংলা



