দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা ভারী বর্ষণের কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেকে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রাঙামাটি জেলায় টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সার্বিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ অবস্থায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এ সময় সাজেকের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



