মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা ও উপকূলীয় জেলাগুলোতে গতকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে না বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে রূপ নিতে পারে। তবে সেটির প্রভাবে বৃষ্টিপাত বাড়বে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় টানা ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগের রাত, অর্থাৎ রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত আরও ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়।
ভোর থেকে টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আজকের আবহাওয়ার পূর্বাভাস:
দেশের সাতটি অঞ্চলে আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



