রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় দফায় এখনও চলমান রয়েছে।
উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখে তাদের ওপর হামলা চালায়, যার পাল্টা প্রতিক্রিয়ায় তারাও জড়িত হন। অন্যদিকে, ঢাকা কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, সংঘর্ষের সূত্রপাত সিটি কলেজের শিক্ষার্থীদের আক্রমণ থেকে।
তবে প্রকৃত কী কারণে সংঘর্ষ শুরু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”



