tanaka
প্রচ্ছদখেলাসব শঙ্কা কাটিয়ে পুরোপুরি ফিট মেসি

সব শঙ্কা কাটিয়ে পুরোপুরি ফিট মেসি

লিওনেল মেসির ইনজুরি নিয়ে থাকা সব ধরনের শঙ্কা দূর হয়েছে। আর্জেন্টিনা দলের অনুশীলনে পুরোদমে অংশ নিতে দেখা গেছে অধিনায়ককে। তাকে দেখে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। সে কারণে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রথমদিকে দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করছিলেন তিনি। এতে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোলও করেন মেসি। ম্যাচ শেষে তিনি জানান, নিজেকে অনেকটাই সুস্থ অনুভব করছেন এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

রোববার কানসাস সিটি এফসির মাঠে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। পুরো সেশনজুড়েই তাকে প্রাণবন্ত ও হাসিখুশি দেখা গেছে।

এদিকে ২০২৬ বিশ্বকাপে খেলতে নামছেন লিওনেল মেসি। এটি হবে তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিনজন ফুটবলার ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন। মেসির পাশাপাশি রয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়া এবং পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পাঁচটি বিশ্বকাপের স্মৃতি ভাগাভাগি করেছেন মেসি। ২০০৬ সালে জার্মানিতে অভিষেক বিশ্বকাপ খেলা এই তারকা ক্যাপশনে লিখেছেন, ‘২০০৬⚽২০২৬’।

২০০৬ সালের পর দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে খেলেছেন মেসি। কাতার বিশ্বকাপে তার নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে শিরোপা জেতে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রেলিয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে এবারও দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি।