বিশ্বকাপের নকআউট পর্বে সবার আগে জায়গা নিশ্চিত করা দলের নাম জানা যেতে পারে আগামীকাল শুক্রবার সকালেই। ‘এ’ গ্রুপের ম্যাচে গুয়াদালাহারায় সকাল ৭টায় মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে শেষ ষোলোতে ওঠার টিকিট। এমনকি গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলেও তাদের নকআউট পর্বে জায়গা পাওয়া নিয়ে কোনো শঙ্কা থাকবে না।
এরই মধ্যে বিশ্বকাপের সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আজ সকালে গ্রুপপর্বের শেষ দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল উজবেকিস্তান ও কলম্বিয়া। ৪৮ দলের এই বিশ্বকাপে ফেবারিটদের বেশির ভাগই প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পেয়েছে।
তবে ব্যতিক্রম স্পেন। শিরোপাপ্রত্যাশী দলটি কেপ ভার্দের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছে। যদিও তাদের নকআউটে ওঠার সম্ভাবনা এখনো অটুট রয়েছে। তবে নকআউট নিশ্চিত করা প্রথম দল হওয়ার সুযোগ রয়েছে মেক্সিকো কিংবা দক্ষিণ কোরিয়ার সামনে।
অন্যদিকে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজ রাত ও কাল ভোরে। তবে এই গ্রুপ থেকে কোনো দলই এখনই নকআউট নিশ্চিত করতে পারবে না। কারণ প্রথম ম্যাচ শেষে চার দলেরই সংগ্রহ সমান এক পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে জয়ী দলগুলো কেবল নকআউটের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু নিশ্চিত করতে পারবে না।
‘বি’ গ্রুপে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া, আরেক ম্যাচে খেলবে কানাডা ও কাতার।
এদিকে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে হেরেছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্র পরাজিত হয়েছে দক্ষিণ কোরিয়ার কাছে। ফলে দুই দলের সামনেই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।



