স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদবির চলছে।” শুক্রবার রাজধানীর কৃষীবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল আরও বলেন, “মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু পরিচিতি বা বন্ধুত্বের কারণে এগোই—যেমন ‘আমার ভাই’—এতে হবে না। সকাল থেকে রাত পর্যন্ত যে তদবিরগুলো হচ্ছে, তা মূলত পোস্টিং বা টোস্টিংয়ের মতো। এসব কিছু দরকার অনুযায়ী করতে হবে, কিন্তু এগুলোকেই যদি মুখ্য গুরুত্ব দিই, তাহলে সমস্যা হবে। সবাই শুধু ঠাকুরগাঁওতে বদলি পেতে চায়, চাকরি করেন, তারপর বলে দেন ‘স্যার, আমাকে একটু ঠাকুরগাঁওতে বদলি করে দেন’। এই মনোভাব বদলাতে হবে।”
নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তিনি সমিতির নামে বিভাজন সৃষ্টির সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী যোগ করেন, “আমাদের ছেলেরা ঘুরে ঘুরে চাকুরি খুঁজছে, এভাবে চাকুরি পাওয়া যাবে না। তাই আমাদের নিজেদের উদ্যোগ, বিনিয়োগ এবং ছোট ছোট প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু পরিচিতি বা সম্পর্কের ওপর নির্ভর করা ঠিক হবে না।”
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।



