জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের ওপর হওয়া হামলা আমাদের জন্যও একটি সতর্কবার্তা।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে এনসিপির আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। খালেদা জিয়ারও একই রকম পরিণতি হয়েছিল। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদেরও সেই পরিণতি বরণ করতে হবে। আর এই নিয়ম পরিবর্তনের নামই হচ্ছে সংস্কার। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমাদেরকে এখন বলা হচ্ছে নির্বাচনবিরোধী। কিন্তু আমরা শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারের দাবিও তুলছি। পুলিশ যাতে বিনা বিচারে কাউকে তুলে নিতে না পারে, কিংবা তুলে নেওয়ার পর পরিবারকে অবহিত করতে বাধ্য হয়— এসবের নিশ্চয়তা এখনো নেই। এসব প্রশ্নের সমাধান ছাড়া নির্বাচনই যথেষ্ট নয়।”
তিনি উল্লেখ করেন, “কিছু রাজনৈতিক নেতার বক্তব্য থেকে বোঝা যায় প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাপাতে পারে। এটা কেবল একটি দলের মানসিকতা নয়, বরং একাধিক দলের মধ্যে একই ধরনের চিন্তা বিদ্যমান। আমরা চাই সেই ধারণা বদলাক।”
এ সময় তিনি বিএনপির নেত্রী রুমিন ফারহানার প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও তিনি খোঁজ নিয়েছেন, আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটাকে আমরা ইতিবাচক বার্তা হিসেবে দেখি এবং স্বাগত জানাই।”
বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।



