সংস্কার কমিশনে ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে। সংবিধান সংস্কার কমিশন ছাড়া ১০টি সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ৩৭টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ১১টি সংস্কার কমিশনের মধ্যে ১০টা কমিশনের যেগুলো আশু সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন। আজকে জানানো হয়, আরও ২৪৬টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণীয় রিফর্ম এসেছে। এগুলো বাস্তবায়নধীন, এটা জানানো হয় কেবিনেটকে। মোট হচ্ছে ৩৬৭টি। এর মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, ২৪৬ আশু সুপারিশর মধ্যে শ্রম বিভাগের ৮২টা সুপারিশ রয়েছে। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তার ৮২টির মধ্যে অনেকগুলোই ফাইনাল পর্যায়ে রয়েছে। কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে।
বাস্তবায়িত ৩৭টি সুপারিশ উল্লেখ করা হলো- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা জারি। জনপ্রশাসন সংস্কার কমিশন-নাগরিকদের পাসপোর্ট দেয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম বাতিল করা, সরকারি সকল দপ্তরে গণশুনানি নিশ্চিতকরণ সংক্রান্ত পরিপত্র জারি।
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন-তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান-ব্যবস্থা বিলোপ, দুদক আইনের ধারা ৩২ক বিলোপ, উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন, সিএজি ও আইএমইডি এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর। বিচার বিভাগ সংস্কার কমিশন-সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, আদালতে ‘ইনফরমেশন ডেস্ক’ স্থাপন , আদালতে নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান, অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অপর পক্ষে অন্য আইনজীবীর নিয়োগে প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক সার্কুলার জারি, আইনগত সহায়তা কার্যক্রমের সাথে মধ্যস্থতা কার্যক্রমকে সংযুক্তকরণ, দেওয়ানি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করার জন্য দেওয়ানি কার্যবিধি সংশোধন, ফৌজদারি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার জন্য ফৌজদারি কার্যবিধি সংশোধন।
নারী বিষয়ক সংস্কার কমিশন-সাক্ষী সুরক্ষা ও অপরাধের শিকার ব্যক্তির সুরক্ষা নিশ্চিতকল্পে আইনি কাঠামো তৈরি করা, পুলিশ, আইনজীবী, বিচারকসহ সংশ্লিষ্ট সকল সেবাপ্রদানকারীকে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা। নির্বাচন ব্যবস্থা সংষ্কার কমিশন-নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা (স্থানীয় ও আন্তর্জাতিক) পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা (সংশোধন), হলফনামার খসড়া তৈরি করা।
শ্রমখাত সংস্কার কমিশন- ‘যুবক’-শব্দের একটি একক সংজ্ঞা নির্ধারণ করে তাদের দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংস্থায় নারী-প্রতিনিধির সংখ্যাবৃদ্ধি নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ সংশোধন করা, প্রবাসী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক জীবন বীমা প্রচলন, যারা আত্মীয় স্বজনের পাঠানো ভিসাতে বিদেশ যান, তাদের জন্য নিজে ভিসা-প্রক্রিয়াকরণের সুযোগ রাখা ও অবৈধভাবে কোন এজেন্সির নাম ব্যবহার বন্ধ করা, অভিবাসী নারী শ্রমিকদের নিজ নামে ব্যাংক হিসাব খোলা নিশ্চিত করা, প্রাক-অভিবাসন পর্যায়ে তাদের অধিকার ও সুরক্ষা সম্পর্কিত তথ্য জানানো, ভাষা ও কর্মসংক্রান্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের সুচিকিৎসা, হেলথ কার্ড এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা, ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার তৈরি করা, শিল্পবিরোধ নিস্পত্তিতে ত্রিপক্ষীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠনের ব্যবস্থা, গোপনীয়ভাবে অভিযোগ দায়েরের জন্য কার্যকর অনলাইন ও অফলাইন অভিযোগ নিস্পত্তি ব্যবস্থা গঠন করা, শ্রম আদালতের সংখ্যা বাড়ানো এবং উপযুক্ত এলাকায় সার্কিট কোর্ট গঠনের ব্যবস্থাগ্রহণ করা, শিশুর বিকাশে ঝুঁকিপূর্ণ কাজের তালিকা নিয়মিত হালনাগাদ করা, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক ভেদে সকল ধরনের শ্রমিক যেনো শ্রম কল্যাণ কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা পায় তা নিশ্চিত করা, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় যৌক্তিকভাবে ছুটি নির্ধারণ করা, কারখানা পরিদর্শন প্রতিবেদন পরিদর্শনকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা, ঝুঁকিপূর্ণ কাজ চিহ্নিত করে সুরক্ষা ও ঝুঁকি ভাতা নিশ্চিত করা, রোগব্যাধি ও দুর্ঘটনার হালনাগাদ প্রতিবেদন প্রতি তিন বা ছয় মাস অন্তর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের ওয়েবসাইটে প্রকাশ, রাত্রিকালীন কাজের জন্য নারী শ্রমিকদের নিরাপত্তা বিধান ও নিয়োগকারীর পক্ষ থেকে পরিবহন নিশ্চিত করা, ট্যানারি শিল্পে স্বাস্থ্য ও রাসায়নিক ঝুঁকি বিবেচনায় বিশেষ প্রশিক্ষিত শ্রম পরিদর্শক নিয়োগ।



