tanaka

সৌদিতে বিদ্যুৎ অবকাঠামোয় হুতি হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পবিত্র মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রচ্ছদখেলাসংবাদ সম্মেলন ছাড়াই নেপাল যাত্রা, ফেসবুকে দল ঘোষণা

সংবাদ সম্মেলন ছাড়াই নেপাল যাত্রা, ফেসবুকে দল ঘোষণা

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ (বুধবার) দুপুরে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এবার একটু ব্যতিক্রম – বিদেশ সফরের আগে সংবাদ সম্মেলন করা বাংলাদেশের ফুটবলে যেন এক অলিখিত নিয়ম হলেও, এবার তা হয়নি।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় বাফুফে এবার ভিন্ন পথে হাঁটছে। কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছাড়াই দল নেপাল সফরে যাচ্ছে। ফেডারেশন সূত্রে জানা গেছে, কোচের সিদ্ধান্তেই ক্লোজড ডোর অনুশীলনের পাশাপাশি সংবাদ সম্মেলন থেকেও বিরত রাখা হয়েছে পুরো বিষয়টি।

বাংলাদেশ জাতীয় দল তো বটেই, এমনকি বয়সভিত্তিক (যেমন, অনূর্ধ্ব-১৫ সাফ বা অন্যান্য আমন্ত্রিত টুর্নামেন্ট) টুর্নামেন্টের আগেও বাফুফে ভবনে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন হয়ে থাকে। অথচ এবারের মতো গুরুত্বপূর্ণ সফর – নেপালে ফিফা প্রীতি ম্যাচ ও এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের আগে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হয়নি।

গত সোমবার অনুশীলনের আগে কোচ ক্যাবরেরা ও অধিনায়ক তপু বর্মন মিডিয়ার সঙ্গে কয়েক মিনিট কথা বলেন, তবে সেটা ছিল দূরত্ব বজায় রেখে, অনেকটা করোনাকালীন স্টাইলে—সাংবাদিকরা একপাশে, আর কোচ-খেলোয়াড়রা দূরের অ্যাথলেটিক্স ট্র্যাকে।

এর আগে দল চূড়ান্ত হওয়ার পরপরই সংবাদ সম্মেলন করে দল ঘোষণার রেওয়াজ ছিল। সেই সম্মেলনে দল নির্বাচন, কৌশল ও লক্ষ্যের বিষয়ে প্রশ্নোত্তর হতো। এবার সেই সুযোগ দেননি কোচ ক্যাবরেরা। আজ সকাল ১১টার দিকে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজেই চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হয়।

জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সাধারণত সংবাদমাধ্যমকে আগে অবহিত করা হয়। কিন্তু এবারও দেখা গেল—বাহরাইন সফরের সময় অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াড ঘোষণাও হয়েছিল দল দেশ ত্যাগ করার একদিন পর।

বাফুফে কর্মকর্তারা প্রায়ই মিডিয়াকে স্পনসরদের প্রচারের সুযোগ করে দিতে বলেন, অথচ নিজেরাই যখন প্রচারের ক্ষেত্র সংকুচিত করেন—ক্লোজড ডোর অনুশীলন, সংবাদ সম্মেলন বাতিল—তাহলে জাতীয় দলের স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু প্রকাশের সুযোগই বা থাকে কোথায়?


বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক:
সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন

ডিফেন্ডার:
মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন

মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম

ফরোয়ার্ড:
আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা