tanaka
প্রচ্ছদরাজনীতিশ্রমিক দলের নতুন নেতৃত্বে আমান-শিমুল, ৫১ সদস্যের কমিটিতে নোমানপুত্র সাঈদও

শ্রমিক দলের নতুন নেতৃত্বে আমান-শিমুল, ৫১ সদস্যের কমিটিতে নোমানপুত্র সাঈদও

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এবং সদস্যসচিব হয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া কমিটিতে স্থান পেয়েছেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানসহ দলের একাধিক নেতা।

নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করবে এই আহ্বায়ক কমিটি।

শ্রমিক দলের আগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কর্মকর্তারা একযোগে পদত্যাগ করেন। পরে তাদের পদত্যাগ গ্রহণ করে নতুন আহ্বায়ক কমিটিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করা হয়।

সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভা পরিচালনা করেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পদত্যাগের মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি ৪৯ জন সদস্য রয়েছেন। এই কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতির দায়িত্ব পালন করবে। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন কমিটির সদস্যরা হলেন—আগের কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাঈদ আল নোমান এমপি, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম এম নাজিম উদ্দিন, সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।