tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেই সরকারের: ব্যাংক কর্তৃপক্ষ

ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেই সরকারের: ব্যাংক কর্তৃপক্ষ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও এখন পর্যন্ত পায়নি ব্যাংকটি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটির দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবরের সত্যতা জানতে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের কোনো আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। এমনকি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়নি।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো প্রস্তাব বা আনুষ্ঠানিক আগ্রহ পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক সরকার অথবা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। প্রস্তাবিত এই বিনিয়োগ বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

তবে ব্যাংক কর্তৃপক্ষের সর্বশেষ বক্তব্যে এ ধরনের বিনিয়োগ নিয়ে সরকারের কোনো উদ্যোগ বা আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার তথ্য অস্বীকার করা হয়েছে।