tanaka
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনাকে দেশে ফেরার ডিসেম্বর স্পষ্ট করতে বললেন দুলু

শেখ হাসিনাকে দেশে ফেরার ডিসেম্বর স্পষ্ট করতে বললেন দুলু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন, তা স্পষ্ট করে জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ‘ডিসেম্বর’ নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু কোন বছরের ডিসেম্বর, সেটি পরিষ্কার করা প্রয়োজন। তিনি প্রশ্ন রাখেন, শেখ হাসিনা ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বরে দেশে ফিরবেন—তা জানাতে হবে।

তিনি আরও বলেন, হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না। জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনা দেশে ফিরলে কোন সীমান্ত দিয়ে প্রবেশ করবেন, সেটিও ঘোষণা করার আহ্বান জানান হুইপ দুলু। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার প্রাণহানি এবং দীর্ঘ ১৭ বছরে গুম-খুনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার বিচার করা হবে।

দুলু বলেন, জুলাইয়ের আন্দোলনে নিহতদের স্বজন, ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলো শেখ হাসিনার বিচারের অপেক্ষায় রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অতীতের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং শেখ হাসিনাকে কাশিমপুর কারাগারে যেতে হবে। একই সঙ্গে তাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা

আলোচনায় বর্তমান সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন হুইপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মঘণ্টা ও দায়িত্ব পালনের ধরন তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের পর থেকে বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী সকাল ৯টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কাজ করছেন।

দুলুর দাবি, প্রধানমন্ত্রী প্রচলিত প্রটোকলের বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যহীন আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতে প্রধানমন্ত্রীর চলাচলের সময় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন—তিনি যেমন একজন মানুষ, তেমনি একজন রিকশাচালকও মানুষ। তাই রাষ্ট্রে কারও প্রতি বৈষম্য থাকা উচিত নয়।

কৃষক ও অসহায়দের জন্য সরকারি উদ্যোগ

সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের কথাও তুলে ধরেন দুলু। তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং তাদের কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম চলছে।

অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার উদ্যোগকে সরকারের সাফল্যের অংশ হিসেবে উল্লেখ করেন হুইপ।

গত ছয় মাসে গুম হয়নি: দুলু

রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। দুলুর দাবি, বর্তমান সরকারের গত ছয় মাসের সময়ে কোনো ব্যক্তি গুমের শিকার হননি। রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা আটকে রেখে গুম করার মতো ঘটনাও ঘটেনি বলে তিনি দাবি করেন।