বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় দেশের বর্তমানে চালু ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সম্ভাব্য বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায়।
বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গ্যাসের সরবরাহ বাড়ানো এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের প্রেক্ষাপটে শেভরনের এ আগ্রহকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।



