সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন অবস্থানে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান পেয়েছেন তিনি।
সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৭তম। ফেসবুকে তাঁকে ঘিরে প্রকাশিত পোস্ট, আলোচনা ও বিভিন্ন কনটেন্টের পরিমাণের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এই সূচকে তাঁর অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছে।
সোশ্যাল ব্লেডে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে মূলত এমন ব্যক্তিদের বোঝানো হয়, যাঁদের কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট, আলোচনা ও পোস্ট তৈরি হয়। সরাসরি নিজে কনটেন্ট প্রকাশের পাশাপাশি কোনো ব্যক্তিকে ঘিরে গণমাধ্যম, ব্যবহারকারী ও বিভিন্ন পেজ থেকে বিপুল পরিমাণ কনটেন্ট প্রকাশিত হলে সেটিও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়।
এই তালিকায় অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তারেক রহমান বিশ্বব্যাপী আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।



