দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ১৭টি ব্যাংকের কাছ থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রণোদনা তহবিলে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
এর আগে গত ২৩ মে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। মোট তহবিলের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে। বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে।
প্রণোদনা প্যাকেজের সবচেয়ে বড় অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা রয়েছে।
প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছিলেন, এটি মূলত ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, বন্ধ ও অচল শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরলে একদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে বেসরকারি বিনিয়োগও বাড়বে। এর ফলে দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে দেশে উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রমে নতুন গতি ফিরবে।



