ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করান।
গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। একটি আসনে প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল এখনো স্থগিত রয়েছে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, দল ও জোটভিত্তিক আসন বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোট থেকে নির্বাচিতরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
এদিকে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে তার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান থাকায় নাম গেজেটে প্রকাশ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এ কারণে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।



