দীর্ঘদিন পর যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দলটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে ডাব পান করতে দেখা যায়। এ সময় তার পরনে ছিল হাফহাতা শার্ট।
ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত এক ব্যক্তি, যিনি নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন, শ ম রেজাউল করিমের উদ্দেশে বিভিন্ন অভিযোগ তুলে মৌখিক প্রতিবাদ জানান। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি সাবেক মন্ত্রীর সমালোচনা করেন। তবে এ বিষয়ে শ ম রেজাউল করিমকে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।
এর আগে গত বছরের ১৩ জুনও লন্ডনে শ ম রেজাউল করিমকে প্রকাশ্যে দেখা যায়। সে সময় তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে অবস্থান করছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ছিলেন।
জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন। ওই কর্মসূচি প্রধান উপদেষ্টার সফরকালীন ধারাবাহিক বিক্ষোভের অংশ ছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ ম রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও নিজের অবস্থান প্রকাশ করেননি। সাম্প্রতিক এই প্রকাশ্য উপস্থিতির মাধ্যমে তিনি যে লন্ডনে অবস্থান করছেন, তা স্পষ্ট হয়েছে।



