ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রচারাভিযান শেষ করে আগামী রোববার রাজধানী ঢাকায় কেন্দ্রীয় জনসভা করার কথা ছিল বিএনপির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণার প্রয়োজন বিবেচনায় ওই কর্মসূচি বাতিল করেছে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির (রোববার) কেন্দ্রীয় সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেবেন। ফলে ঢাকায় নির্ধারিত কেন্দ্রীয় জনসভাটি আপাতত স্থগিত করা হলো।’
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ কেন্দ্রীয় জনসভা অনুষ্ঠিত হবে।



