দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের অভিনয়ের পাশাপাশি রেসিংয়ের প্রতিও রয়েছে গভীর ভালোবাসা। নিয়মিত রেসিংয়ে অংশ নেওয়া এই অভিনেতা পেশাদার মোটর রেসিংয়েও নিজের জায়গা করে নিয়েছেন। একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অজিত সম্প্রতি ইউরোপে একটি ‘হাই স্পিড এন্ডুরেন্স ইভেন্ট’-এ রেস করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় তিনি গুরুতর কোনো চোট পাননি এবং নিরাপদে আছেন।
ঘটনাটি ঘটে ‘এন্ডুরেন্স চ্যাম্পিয়নশিপ’-এর একটি রেসে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতা চলাকালে অজিতের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার পরও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন তিনি। রেসিং ট্র্যাকে অবশ্য এটাই অজিতের প্রথম দুর্ঘটনা নয়।
এর আগে ২০২৫ সালে ইতালিতে ‘জিটি৪ ইউরোপিয়ান সিরিজ’-এ তাঁর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। সেবারও কোনো চোট ছাড়াই বেরিয়ে আসেন তিনি। একই বছর স্পেনের একটি প্রতিযোগিতায় তাঁর গাড়ি দুবার উল্টে গেলেও অক্ষত ছিলেন অভিনেতা। এর আগে দুবাইয়ে রেসিং অনুশীলনের সময়ও দুর্ঘটনার মুখে পড়েছিল তাঁর গাড়ি। সেখান থেকেও নিরাপদে ফিরেছিলেন তিনি।
আন্তর্জাতিক সার্কিটে রেস করা এবং ফর্মুলা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হাতেগোনা কয়েকজন ভারতীয়র মধ্যে অজিত কুমার অন্যতম। গত বছর ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্ঘটনার পর নিজের মানসিক অবস্থার কথাও জানিয়েছিলেন তিনি।
অজিত জানিয়েছিলেন, দুর্ঘটনার পর প্রথমেই তিনি পরীক্ষা করে দেখেন, তাঁর শরীরে কোনো গুরুতর আঘাত লেগেছে কি না। এরপর নজর দেন গাড়ির অবস্থার দিকে—গাড়িটি আবার চালু করে রেসে ফিরতে পারবেন কি না, সেটিই তখন তাঁর পরবর্তী চিন্তা।
নিজে ও গাড়ি দুটোই ঠিক আছে নিশ্চিত হওয়ার পর তাঁর উত্তেজনা আরও বেড়ে যায়। তখন তাঁর একমাত্র লক্ষ্য থাকে রেসটি শেষ করা এবং ‘ডিএনএফ’ (ডিড নট ফিনিশ) এড়ানো। অর্থাৎ দুর্ঘটনা যতই হোক, রেস অসম্পূর্ণ রেখে ফিরতে চান না তিনি।
তবে রেসিংয়ের ঝুঁকি নিয়ে পরিবারের জন্য উদ্বেগও রয়েছে অজিতের। তিনি স্বীকার করেছেন, তাঁর বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তাঁর মতে, পরিবারের সদস্যদের এতটা মানসিক চাপের মধ্যে ফেলা ঠিক নয়। একই সঙ্গে তিনি মনে করেন, অন্য রেসাররাও দুর্ঘটনার শিকার হন; তিনি অভিনেতা হওয়ার কারণে তাঁর দুর্ঘটনার খবরই বেশি আলোচনায় আসে।
রেসিং ছেড়ে দেওয়া প্রসঙ্গে অজিত জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনায় তাঁর এমন গুরুতর চোট হয়নি, যার কারণে অনুশীলন বা রেসে অনুপস্থিত থাকতে হয়েছে। বরং চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তাঁর ২৯ বার অস্ত্রোপচার হয়েছে বলেও জানান তিনি।
অভিনয়ে অজিতকে সর্বশেষ দেখা গেছে ‘বিদামুইয়ার্চি’ ও ‘গুড ব্যাড আগলি’ সিনেমায়। তাঁর পরবর্তী সিনেমা ‘ডেয়ারডেভিল’, যেটি পরিচালনা করছেন অধিক রবিচন্দ্রন।



