tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রীর ঘোষণা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রীর ঘোষণা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, ঢাকার আশপাশের অঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা নতুন করে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম রবি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, দেশের সার্বিক রেল যোগাযোগ ব্যবস্থা, সেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে রেলখাতের উন্নয়ন ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি জানান, সরকার কয়েকটি বড় রেল প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর মধ্যে আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প উল্লেখযোগ্য। এছাড়া ধীরাশ্রমে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের সক্ষমতা বাড়াতে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

রেলমন্ত্রীর মতে, নতুন করে যেসব জেলা রেল যোগাযোগের আওতায় আসবে সেগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

তিনি আশা প্রকাশ করেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর যোগাযোগ আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।