বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়।’ তিনি দাবি করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্টের সঙ্গে রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের মিল রয়েছে।
রাশেদ খাঁনের অভিযোগ, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য থাকাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে রুমিন ফারহানা যেসব বক্তব্য দিয়েছিলেন, সাম্প্রতিক বক্তব্যে তিনি সেগুলোর বিপরীত অবস্থান নিয়েছেন।
তিনি আরও দাবি করেন, রুমিন ফারহানার বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির উৎসাহ দিয়েছেন। একই সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কার বিভিন্ন ঘটনা তুলে ধরে জামায়াতের বর্তমান সংসদ সদস্যদের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আবদুল্লাহ ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করেন। তাদের অবস্থানকে তিনি ‘আওয়ামী বয়ানের পক্ষে জোট’ হিসেবে অভিহিত করেন।
এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেটিও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।



