গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আজ আমরা যেখানে আছি, গণমাধ্যম আছে বলেই সেখানে আছি। গণমাধ্যম সবসময় যে ভূমিকা পালন করেছে, তার কারণেই আমাদের অনেক অর্জন। বাংলাদেশের গণতন্ত্র আজ যে পর্যায়ে রয়েছে, এর কৃতিত্বের বড় অংশ গণমাধ্যমের।’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন। আমাদের পক্ষ থেকে গণমাধ্যম বা সাংবাদিকদের পেশাগত কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।’
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



