tanaka
প্রচ্ছদসারাদেশফারাক্কার ১০৯ গেটই খোলা, পদ্মায় বন্যার শঙ্কা

ফারাক্কার ১০৯ গেটই খোলা, পদ্মায় বন্যার শঙ্কা

পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করায় চর ও নিচু নদীতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মোস্তফা কামাল পলাশ বলেন, পদ্মা নদীতে পানি বন্যার বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হতে শুরু করেছে। ফলে নদীর চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানির উচ্চতা বিপৎসীমার প্রায় দেড় মিটার ওপরে রয়েছে।

তিনি জানান, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে। ব্যারাজ দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ১৬ লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে যাচ্ছে। একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে।

গবেষক মোস্তফা কামাল পলাশের মতে, ফারাক্কা দিয়ে অতিরিক্ত পানির প্রবাহ একই মাত্রায় বাংলাদেশে প্রবেশ করায় পদ্মা নদীতেও দ্রুত পানি বাড়ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান গতিতে পানি বাড়তে থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে।

এ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চরাঞ্চল এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।