বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বলে জানা গেছে।
নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সাবের আহমদ।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার শূন্যলাইন থেকে আনুমানিক ৪০০ মিটার মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর সাইফুলের পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, বাঁশ কাটার জন্য সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।
ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।



