tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদরাজধানীরামিসা হত্যাকাণ্ডের পর এবার পাশের এলাকা থেকে ৫ বছরের শিশু নিখোঁজ

রামিসা হত্যাকাণ্ডের পর এবার পাশের এলাকা থেকে ৫ বছরের শিশু নিখোঁজ

রাজধানীর পল্লবী এলাকায় সম্প্রতি আলোচিত রামিসা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই একই এলাকার কাছাকাছি থেকে ইব্রাহিম (৫) নামে আরেক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। শিশুটির পরিবার দাবি করেছে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু বিষয় দেখা গেছে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত কারও সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় অন্য দিনের মতোই বাসার সামনে খেলছিল ইব্রাহিম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ২১ মিনিটের দিকে সে বাসার ভেতরে প্রবেশ করে। একই সময়ে তার পেছনে আরও একজন ব্যক্তিকেও ভেতরে ঢুকতে দেখা যায়।

স্বজনদের দাবি, কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শোনা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই ওই ব্যক্তিকে দ্রুত বাসা থেকে বেরিয়ে যেতে দেখা গেলেও ইব্রাহিমকে আর কোথাও দেখা যায়নি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, ইব্রাহিমের পরিবারের বাসা রামিসাদের ভবন থেকে প্রায় তিন গলি দূরে অবস্থিত। পরিবারের সদস্যরা জানান, ভবনের ছাদে সাধারণত কাউকে যেতে দেওয়া হয় না এবং সেটি সবসময় তালাবদ্ধ থাকে। ছাদে যাওয়ার চাবিও বাড়ির মালিকের কাছে থাকে। ফলে এত কম সময়ের মধ্যে শিশুটি কীভাবে নিখোঁজ হলো, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা প্রায় এক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে এবং কারও সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তবে তারা অভিযোগ করেছেন, বাড়িওয়ালার দুই ছেলে মাদকাসক্ত এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তাদের সন্দেহ, অর্থের লোভে পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

ইব্রাহিমের বাবা বলেন, “আমরা প্রায় ১০ বছর ধরে এখানে বসবাস করছি। কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের সন্দেহ, অর্থের জন্যই আমার সন্তানকে আটকে রাখা হয়েছে।”

ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, দুই দিন আগে পরিবারটি মামলা করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বাড়িওয়ালার ছেলেদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ তাদের কাছে আসেনি।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, “পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তদন্তে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।