tanaka
প্রচ্ছদসারাদেশরাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার সংঘর্ষ: নেপথ্যে কী?

রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার সংঘর্ষ: নেপথ্যে কী?

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ইসলামী জলসার দাওয়াতপত্রকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক এবং চারজন স্থানীয় বিএনপি নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল।

জানা গেছে, ইসলামী জলসা উপলক্ষে দাওয়াতপত্র দিয়ে আর্থিক সহযোগিতা চাইতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কিছু গণ্যমান্য ব্যক্তি কলেজে যান। তারা অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তা চান। অধ্যক্ষ সহযোগিতার আশ্বাস দিলেও প্রভাষক আলেয়া খাতুন হীরা তাদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এরপর ক্ষুব্ধ একদল ব্যক্তি অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা চালায় এবং কলেজের অফিস কক্ষ ভাঙচুর করে। আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা এবং অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও কয়েকজন শিক্ষক-কর্মচারী।

ঘটনার পর কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা কেন্দ্র ত্যাগ করলে পরীক্ষা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

আহত শিক্ষকদের অভিযোগ, জয়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ৪০–৫০ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষ থেকে চাঁদা দাবি করা হচ্ছিল, যা প্রত্যাখ্যান করায় এই হামলার ঘটনা ঘটে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে প্রভাষক হীরা একজনকে চড় মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সঙ্গে কলেজে ‘হিসাবনিকাশের’ নামে চাপ সৃষ্টি করে অর্থ দাবি করার অভিযোগের সত্যতাও তিনি ইঙ্গিত করেন।

ব্যবসায়ী শাহাদত আলী দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, প্রভাষক হীরা তাকে অপমান করে চড় মারেন, যা পরিস্থিতিকে বিস্ফোরণমুখী করে তোলে।

অন্যদিকে, প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী নিয়মিত কলেজে এসে হিসাবের অজুহাতে চাপ সৃষ্টি করতেন এবং কলেজের জমি ও পুকুরের আয়ের ভাগ নেওয়ার চেষ্টা করতেন। তিনি বলেন, নতুন অধ্যক্ষ কোনো পক্ষকে বিশেষ সুবিধা না দেওয়ায় তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আলী বলেন, তারা প্রতি বছরের মতো দাওয়াতপত্র দিতে গিয়েছিলেন। কিন্তু প্রভাষক হীরা তাদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে প্রথমে কয়েকজনকে মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাকও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল, যা প্রত্যাখ্যান করায় এই হামলার ঘটনা ঘটেছে।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর কলেজ ও আশপাশের এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।