বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “রাজনীতি করি সম্মান ও সেবাকে অগ্রাধিকার দিয়ে। রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে। যদি কেউ নিজের স্বার্থে রাজনীতি করতে চান, তাহলে বিএনপিতে তার জায়গা নেই। কারণ তারেক রহমান এবার কঠোর অবস্থানে রয়েছেন।”
রবিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমলনগরের হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনায় প্রস্তুতি নিচ্ছেন। আমরা সেই প্রস্তুতির অংশ হিসেবে কাজ করছি। আশা করছি, নভেম্বরের মধ্যে তাকে দেশে দেখা যাবে ইনশাআল্লাহ।”
এ্যানি জানান, তারেক রহমান দেশে ফেরার আগে দুর্নীতি প্রতিরোধ, জননিরাপত্তা ও প্রশাসনিক সংস্কার নিয়ে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করছেন।
সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।



