পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদরদপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে। এ আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) জারি করা এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনকালে এবং দায়িত্ব শেষে পার্কিংয়ে রাখা সব যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।
এতে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, কোনো সরকারি পুলিশি যানবাহন অনিরাপদ বা নজরদারিহীন (আনঅ্যাটেন্ডেড) অবস্থায় রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, পর্যাপ্ত নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।



