রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবনটির ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফারা ফোরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের মেয়ে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ফারার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার মোবাইল ফোনে কল করেও কোনো সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান। সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন ধরে ফারার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।



