মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধে সংঘটিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একত্রিত হওয়ার উদ্দেশ্যে রাজধানীতে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সম্মিলন হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে।
সম্মিলনটি আয়োজন করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।
সম্প্রতি দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এই অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করতে সম্মিলনে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণের বিষয়ে মতামত প্রকাশ করছেন।
নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য ছাড়াও এতে অংশ নিয়েছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্টস সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একসঙ্গে দাঁড়াতে আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি ও কলাম লেখকরাও সম্মিলনে অংশ নিয়েছেন।



