মানুষের জীবনে অনেক বড় ভুলের শুরু হয় মাত্র কয়েক মুহূর্তের উত্তেজনা থেকে। রাগের সময় বিবেকের ওপর আবেগ প্রাধান্য পায়। তখন এমন অনেক কথা মুখ দিয়ে বেরিয়ে আসে, যা স্বাভাবিক অবস্থায় হয়তো কখনোই বলা হতো না। ঝগড়া থেমে যায়, সময় পেরিয়ে যায়, রাগও একসময় কমে আসে। এমনকি রাগের মাথায় বলা কথাগুলো যে বলেছে, সে হয়তো একসময় সেগুলো ভুলেও যায়। কিন্তু যার হৃদয়ে সেই কথার আঘাত লাগে, তার ক্ষত থেকে যেতে পারে দীর্ঘদিন।
শরীরে আঘাত লাগলে ক্ষত দেখা যায়, চিকিৎসা করা যায়, সময়ের সঙ্গে তা শুকিয়েও যায়। কিন্তু কথার আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন থাকে না। অপমান, সামর্থ্য নিয়ে কটাক্ষ কিংবা ব্যক্তিগত দুর্বলতাকে আঘাত করে বলা একটি বাক্যও মানুষের মনে গভীর দাগ কাটতে পারে। অনেক সময় একটি ‘সরি’ কিংবা ‘রাগের মাথায় বলে ফেলেছি’—এমন কথাও সেই ক্ষত পুরোপুরি মুছে দিতে পারে না।
ইসলাম মানুষের স্বাভাবিক অনুভূতি হিসেবে রাগকে অস্বীকার করেনি। বরং রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা, জিহ্বাকে সংযত রাখা এবং অন্যকে ক্ষমা করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
রাগ দমনই প্রকৃত বীরত্ব
আমরা অনেক সময় মনে করি, রাগের সময় উচ্চস্বরে কথা বলা, চিৎকার করা কিংবা প্রতিপক্ষকে কথায় হারিয়ে দেওয়াই শক্তির প্রকাশ। কিন্তু রাসুলুল্লাহ (সা.) প্রকৃত শক্তির ভিন্ন একটি সংজ্ঞা দিয়েছেন।
الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ
‘প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে আছড়ে ফেলে; বরং প্রকৃত বীর তো সেই ব্যক্তি, যে রাগের মুহূর্তে নিজেকে সামলে রাখতে পারে।’
—বুখারি: ৬১১৪
পবিত্র কুরআনেও রাগ সংবরণ ও মানুষকে ক্ষমা করার গুণকে প্রশংসিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন—
الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
‘যারা সচ্ছলতায় ও অভাবে আল্লাহর পথে ব্যয় করে, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়; নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’
—সুরা আলে ইমরান: ১৩৪
নবী ইবরাহিম (আ.)-এর জীবনেও রাগ নিয়ন্ত্রণ ও ধৈর্যের অনন্য শিক্ষা রয়েছে। নিজের পিতা যখন তাকে পাথর মেরে হত্যার হুমকি দিয়েছিলেন, তখনও তিনি উত্তেজিত হননি। বরং শান্তভাবে বলেছিলেন—
قَالَ سَلَامٌ عَلَيْكَ
‘তিনি (ইবরাহিম) বললেন, আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’
—সুরা মরিয়ম: ৪৭
অন্য আয়াতেও আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন—
وَ اِذَا مَا غَضِبُوۡا هُمۡ یَغۡفِرُوۡنَ
‘আর যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়।’
—সুরা শুরা: ৩৭
যখন রাগ চেপে বসবে, কী করবেন
রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া কিংবা কথা বলা অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই রাগ নিয়ন্ত্রণে রাসুলুল্লাহ (সা.) কয়েকটি বাস্তবসম্মত পথ দেখিয়েছেন।
১. নীরব থাকুন
কেউ কষ্ট দিলেও রাগের মুহূর্তে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব না দেওয়াই উত্তম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَسْكُتْ
‘তোমাদের কেউ যখন ক্রুদ্ধ হবে, সে যেন নীরব থাকে।’
—মুসনাদে আহমদ: ৬৯৩
অনেক ঝগড়া একটি মুহূর্তের নীরবতায় থেমে যেতে পারে। কিন্তু উত্তেজনার সময় বলা একটি বাক্য কখনো কখনো সম্পর্কের দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
২. অবস্থান পরিবর্তন করুন
রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়া এবং বসে থাকলে শুয়ে পড়ার পরামর্শ দিয়েছেন নবীজি (সা.)। তিনি বলেছেন—
إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ، فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ
‘তোমাদের কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগের উদ্রেক হয় তাহলে সে যেন বসে পড়ে। এতে যদি তার রাগ দূর হয় তো ভালো, অন্যথায় সে যেন শুয়ে পড়ে।’
—আবু দাউদ: ৪৭৮২
৩. আল্লাহর কাছে আশ্রয় চান
রাগের সময় শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার শিক্ষা রয়েছে ইসলামে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
‘আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।’
—বুখারি: ৩২৮২
পবিত্র কুরআনেও আল্লাহ তাআলা বলেন—
وَ اِمَّا یَنۡزَغَنَّكَ مِنَ الشَّیۡطٰنِ نَزۡغٌ فَاسۡتَعِذۡ بِاللّٰهِ ؕ اِنَّهٗ سَمِیۡعٌ عَلِیۡمٌ
‘আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’
—সুরা আরাফ: ২০০
৪. মন শান্ত হলে কথা বলুন
কথা বলা প্রয়োজন হলে রাগ পুরোপুরি প্রশমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। মন শান্ত হলে নিজের কষ্ট বা আপত্তির কথা স্পষ্টভাবে বলা যায়। এতে উত্তেজনা কমে এবং ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ তৈরি হয়।
৫. অহংকার বাদ দিয়ে ক্ষমা চান
রাগের বশে কাউকে কটু কথা বলে ফেললে ভুল স্বীকার করতে দ্বিধা করা উচিত নয়। আন্তরিকভাবে ক্ষমা চাওয়া দুর্বলতার পরিচয় নয়; বরং সম্পর্ক রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। একটি আন্তরিক ক্ষমা হয়তো মুহূর্তেই সব কষ্ট দূর করবে না, কিন্তু সম্পর্কের ভাঙন ঠেকানোর পথ তৈরি করতে পারে।
মহানবী (সা.)-এর আচরণে রাগ নিয়ন্ত্রণের শিক্ষা
রাসুলুল্লাহ (সা.) কীভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন, তার একটি শিক্ষণীয় ঘটনা রয়েছে বুখারি শরিফে।
একবার এক বেদুইন এসে রাসুল (সা.)-এর চাদর ধরে এত জোরে টান দেন যে তাঁর ঘাড়ে চাদরের দাগ পড়ে যায়। লোকটির আচরণ ছিল রুক্ষ। কিন্তু নবীজি (সা.) রাগ না করে তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে তার চাহিদা অনুযায়ী দান করার নির্দেশ দিলেন।
এই ঘটনাটি দেখায়, অন্যের রূঢ় আচরণের জবাবে রূঢ়তা দেখানোই একমাত্র পথ নয়। ধৈর্য, সহনশীলতা ও উদারতা অনেক সময় কঠিন পরিস্থিতিকেও সহজ করে দিতে পারে।
এক সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সংক্ষিপ্ত উপদেশ চাইলে তিনি বারবার একটি কথাই বলেছিলেন—
لاَ تَغْضَبْ
‘তুমি রাগ কোরো না।’
—বুখারি: ৬১১৬
কথা বলার আগে একবার ভাবুন
ইসলাম শুধু রাগ নিয়ন্ত্রণের শিক্ষা দেয়নি; মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সংযমের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’
—বুখারি: ৬০১৮
রাগের ঝড় একসময় থেমে যায়। কিন্তু সেই ঝড়ে উচ্চারিত কিছু কথা মানুষের হৃদয়ে দীর্ঘদিনের ক্ষত তৈরি করতে পারে। তাই কথা বলার আগে একটু থামা, ভাবা এবং প্রয়োজন হলে নীরব থাকা অনেক বড় প্রজ্ঞার পরিচয়।
মানুষের হৃদয় জয় করতে সবসময় বড় কোনো কাজের প্রয়োজন হয় না। কখনো একটি কোমল কথা, কখনো একটি ক্ষমা, আবার কখনো শুধু নীরবতাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় আমল।
তাই রাগকে শক্তি মনে না করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। প্রতিশোধের বদলে ক্ষমা, কঠোর কথার বদলে কোমল ভাষা এবং উত্তেজনার বদলে ধৈর্য বেছে নিই। কারণ মানুষের হৃদয় ভাঙতে মুহূর্ত লাগে, কিন্তু সেই হৃদয় জয় করতে প্রয়োজন হয় চরিত্র, সংযম ও ভালোবাসার।



