ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করবে সরকার।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি এবং দেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ উদ্যোগকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।
এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই শেখ হাসিনার প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাও দিয়েছেন তিনি। তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এদিকে বিএনপির সংসদীয় দলের সভায় সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।



