tanaka
প্রচ্ছদখেলাবৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

ধর্ষণ মামলার বিচার এড়াতে শেষ আইনি চেষ্টাও ব্যর্থ হয়েছে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির। প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের করা আপিল খারিজ করে দিয়েছে ফ্রান্সের সর্বোচ্চ আইনি সংস্থা ‘কোর্ট অব ক্যাসেশন’। ফলে ধর্ষণের অভিযোগে এখন তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ২৭ বছর বয়সি হাকিমির করা আপিল সম্প্রতি খারিজ করে দিয়েছে কোর্ট অব ক্যাসেশন। এর মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ায় মামলাটি খারিজ করানোর তার শেষ চেষ্টাও ব্যর্থ হলো।

মামলাটির বিচার হবে প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে। এখনো বিচার শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে আগামী বছর মামলাটির বিচারকাজ শুরু হতে পারে।

২০২৩ সালে অভিযোগের সূত্রপাত

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের উপকণ্ঠ বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে যোগাযোগের পর এক তরুণী তার বাসায় যান। পরে ওই তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ঘটনার পাঁচ দিন পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি। তার আইনজীবী দলও দাবি করে আসছে, মামলাটি খারিজ করা উচিত।

একের পর এক আদালতে আবেদন

মামলা থেকে অব্যাহতি পেতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবীরা প্রথমে মামলাটি খারিজের আবেদন করেন। তবে সেই আবেদন নাকচ করে দেন ভার্সাইয়ের আপিল আদালত।

গত বছরের ১৯ জুন আদালত আবেদনটি খারিজ করার পর হাকিমি ফ্রান্সের সর্বোচ্চ আইনি সংস্থা কোর্ট অব ক্যাসেশনে আপিল করেন।

সেখানেও এবার তার আবেদন খারিজ হওয়ায় মামলাটি বিচারের পর্যায়ে যাওয়ার পথ তৈরি হলো। ফলে ২০২৩ সালের ঘটনা ঘিরে করা ধর্ষণের অভিযোগের বিষয়ে এখন আদালতেই পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

তবে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মামলার বিচারেই অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।